বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

ধামইরহাটে জমকালো আয়োজনে ‘আমাইতাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ উদ্বোধন

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে নওগাঁর ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘আমাইতাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।মঙ্গলবার (২১ জুলাই) আমাইতাড়া স্থানীয় খেলার মাঠে বল গড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নওশাদ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. নওশাদ হোসেন বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার অন্যতম মাধ্যম। ডিজিটাল আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।তিনি আরও বলেন, গ্রামীণ পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়াপ্রেমী মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।বক্তারা এ ধরনের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।এদিকে উদ্বোধনী খেলাকে ঘিরে আমাইতাড়া এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ ছিল সরব। দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টে স্থানীয় ও আশপাশের এলাকার কয়েকটি শক্তিশালী ফুটবল দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

ধামইরহাটে জমকালো আয়োজনে ‘আমাইতাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ উদ্বোধন