ভারত-বাংলাদেশ সিরিজ হলে বদলাবে আফগানিস্তান টি-টোয়েন্টির সূচি
ভারতের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ছয় ম্যাচের সাদা বলের এই সিরিজ মাঠে গড়ালে প্রভাব পড়তে পারে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচিতে।ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের বিষয়টি নিজেদের অংশীদারদের নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ তিনটি আয়োজনের কথা রয়েছে।তবে একই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বিপক্ষে ছয় ম্যাচের সিরিজ আয়োজনের চেষ্টা করছে। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারত সফর আয়োজন করা হতে পারে। ফলে ১৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি খেলা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।বাংলাদেশ সিরিজ চূড়ান্ত হলে আফগানিস্তান-ভারত টি-টোয়েন্টি সিরিজ কয়েক দিন পিছিয়ে যেতে পারে। তবে দীর্ঘ সময় পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ ২৪ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস এবং ২৭ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে।দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকা ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ নিয়ে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির পর নতুন আশার সৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ জানানোর ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।তবে এখনো দুই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিরিজ আয়োজনের চূড়ান্ত ঘোষণা আসেনি। বিসিবির সম্প্রচারস্বত্ব বিক্রির প্রক্রিয়াও এখনো শুরু হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারের পরামর্শের ভিত্তিতেই বাংলাদেশ সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।এদিকে আফগানিস্তান-ভারত সিরিজের ভেন্যু হিসেবে দিল্লিকে বেছে নেওয়া হয়েছে। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত ভারতের মাটিতেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।এই সিরিজ হলে আফগানিস্তান প্রথমবারের মতো ভারতকে আতিথ্য দেবে। তবে ম্যাচগুলো ভারতের মাঠে হওয়ায় স্বাগতিক দল হিসেবে কাগজে আফগানিস্তানের নাম থাকবে।
সম্প্রচারের ক্ষেত্রেও থাকবে ভিন্নতা। আফগানিস্তান স্বাগতিক হওয়ায় ভারতের মাটিতে ম্যাচ হলেও জিওস্টারের স্বয়ংক্রিয় সম্প্রচারস্বত্ব থাকবে না। ডিজিটাল স্বত্ব পেয়েছে ফ্যানকোড, আর টেলিভিশন স্বত্বের জন্য জি ও সনি স্পোর্টস সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে।