রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

পাবনায় সমতল আদিবাসী নারীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাবনায় সমতল আদিবাসী নারীদের অধিকার রক্ষা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধ এবং সরকারি বিনামূল্যে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা তৈরিতে দিনব্যাপী ‘সমতল আদিবাসী নারী সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে পাবনা শহরের ঐতিহাসিক বনমালী শিল্পকলা কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’, ‘ব্রেড’, ‘বাঁচতে চাই’ ও ‘এসডিকেএস’-এর যৌথ আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়।আদিবাসী নেত্রী অনিতা রানী মুরারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সিভিল জজ মো. আজহারুল ইসলাম।তিনি বলেন, দেশের প্রচলিত আইনে দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। পরিবার বা সমাজে নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক কিংবা ভরণপোষণ সংক্রান্ত সমস্যা দেখা দিলে আইনি আশ্রয় নেওয়া সবচেয়ে কার্যকর উপায়। তিনি আদিবাসী নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যায়ের প্রতিবাদে সরকারি লিগ্যাল এইডের সহায়তা নেওয়ার আহ্বান জানান।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জিলাল উদ্দিন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন, ‘আমরাই পারি’ জোটের জেলা আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সাবেক পাবনা প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান এবং মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ উৎপল মির্জা।সাংবাদিক ও উন্নয়নকর্মী কামাল আহমেদ সিদ্দিকীর সার্বিক পরিচালনায় সম্মেলনে অনুষ্ঠান উপস্থাপনা করেন কবি ও আবৃত্তিশিল্পী অঞ্জলী ভৌমিক। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘আমরাই পারি’ জোটের প্রোগ্রাম অফিসার নাজমুস সাকিব।মুক্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, সমতলের আদিবাসী নারীরা পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে নানা ধরনের বৈষম্য ও সহিংসতার মুখোমুখি হন। তথ্য ও আইনি জ্ঞানের অভাবে অনেকেই সময়মতো ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন, উত্তরাধিকার আইন, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী আইন সম্পর্কে তাদের ব্যাপকভাবে সচেতন করা জরুরি।অনুষ্ঠানে ব্রেডের নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, দৈনিক সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, এসডিকেএসের নাসির উদ্দিন ময়নুল, সুচিতা সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নাসরিন পারভীন এবং আদিবাসী নারী প্রতিনিধি অনিতা রানী মাহাতো, লিপি রানী বিশ্বাস, শান্তি রানী মাহাতোসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।সম্মেলনের একপর্যায়ে সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর লেখা আদিবাসীদের অধিকার ও জীবনসংগ্রামভিত্তিক দুটি কবিতা আবৃত্তি করেন কবি অঞ্জলী ভৌমিক। এতে সম্মেলনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।সমাপনী বক্তব্যে বক্তারা সমতলের আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

পাবনায় সমতল আদিবাসী নারীদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন