সৌদিতে বড় অভিযান, এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে আকামা (বাসস্থান), সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।রোববার (২৩ আগস্ট) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ৯০০ জন বাসস্থান আইন, ৩ হাজার ৯৮২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।আইনি প্রক্রিয়া শেষে ১৩ হাজার ৭২৪ জন অবৈধ বাসিন্দাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৮ হাজার ৮০৮ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৩৮৬ জনকে দেশে ফেরার টিকিট ব্যবস্থার জন্য পাঠানো হয়েছে।অভিযানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৫২৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি, ৬৩ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।এদিকে অবৈধভাবে সৌদি ছাড়ার চেষ্টা করার সময় আরও ৩৮ জন গ্রেপ্তার হয়েছেন। অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় দেওয়া ও কাজের সুযোগ করে দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে আরও ২৪ জনকে।বর্তমানে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ ও ১ হাজার ৯৬১ জন নারীসহ মোট ৩১ হাজার ৯২২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন, আশ্রয় বা অন্য কোনো সুবিধা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়া সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।