ম্যাচজয়ী স্পেলের পর আইসিসির শাস্তি, নাহিদ রানা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ বোলিংয়ে ম্যাচসেরা পারফরম্যান্স করলেও আইসিসির শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জশ ইংলিসকে আউট করার পর নাহিদের আগ্রাসী উদযাপন ও কথাবার্তা আইসিসির চোখে আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। সংস্থাটির মতে, তার আচরণ ব্যাটসম্যানের কাছ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারত।আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা অনুযায়ী আউট হওয়া ব্যাটসম্যানকে হেয় করা বা উসকানিমূলক আচরণ নিষিদ্ধ। এটি নাহিদের গত ২৪ মাসে দ্বিতীয় অপরাধ হওয়ায় তার ডিমেরিট পয়েন্ট সংখ্যা এখন দাঁড়িয়েছে ২-এ।নাহিদ নিজের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন, ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি প্রকাশ ভাট তার শাস্তি নির্ধারণ করেন।
তবে মাঠের পারফরম্যান্সে নাহিদ ছিলেন উজ্জ্বল। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান। তার গতি ও আক্রমণাত্মক বোলিংয়ে বাংলাদেশ ম্যাচ জেতে ৮৬ রানে (ডিএলএস পদ্ধতিতে)।