বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, মামলা

গাজীপুরের কালীগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামের ২০ বছর বয়সী ওই তরুণী বাড়ি থেকে বের হলে প্রতিবেশী লোকমান হোসেন (৭০) তাকে নিজের ঘরে ডেকে নেন বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে ধর্ষণের উদ্দেশ্যে শারীরিক নির্যাতন করা হয়। পরে সন্ধ্যা পর্যন্ত তরুণী বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে তিনি কান্নারত অবস্থায় বাড়িতে ফিরে আসেন। পরিবারের সদস্যরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান বলে জানান।পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রী ক্ষমা চাইতে থাকেন। পরে স্থানীয় লোকজন জড়ো হলে তারা সেখান থেকে চলে যান।এ ঘটনায় বুধবার (২২ জুলাই) ভুক্তভোগী তরুণীর মা হেলেনা বেগম বাদী হয়ে লোকমান হোসেনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, ভুক্তভোগী তরুণীকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, মামলা