মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া লাল কার্ড ভুল ছিল: আইএফএবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোর পাওয়া লাল কার্ডের সিদ্ধান্ত ভুল ছিল বলে জানিয়েছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।২৭ জুলাই প্রকাশিত আইএফএবির ৩৪ নম্বর পরিপত্রে ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর ক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ক্ষমতা স্পষ্ট করা হয়েছে। সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী, এমবোলোর ঘটনায় ভিএআর নির্ধারিত সীমার বাইরে গিয়ে মূল সিদ্ধান্তের অপরাধই পরিবর্তন করে ফেলেছিল।গত ১১ জুলাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচের ৭১তম মিনিটে ঘটনাটি ঘটে। এমবোলোর সঙ্গে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের সংঘর্ষের পর রেফারি জোয়াও পিনেইরো পারেদেসকে হলুদ কার্ড দেখান।পরে ভিএআর ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর বিষয়টি পর্যালোচনার জন্য রেফারিকে ডাকে। রিপ্লে দেখে পারেদেসের কার্ড বাতিল করেন রেফারি। এরপর পড়ে গিয়ে ফাউল আদায়ের চেষ্টা করার অভিযোগে এমবোলোকেও হলুদ কার্ড দেখানো হয়। এটি ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড, ফলে মাঠ ছাড়তে হয় তাকে।ঘটনার সময় ম্যাচের স্কোর ছিল ১-১। ১০ জন নিয়ে বাকি সময় লড়াই করেও নির্ধারিত সময়ে সমতা ধরে রাখে সুইজারল্যান্ড। তবে অতিরিক্ত সময়ে দুই গোল করে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে।আইএফএবি জানিয়েছে, ভিএআর কোনো হলুদ কার্ডের ক্ষেত্রে শুধু একই অপরাধের জন্য সঠিক খেলোয়াড় শনাক্ত করতে পারে। কিন্তু প্রথম সিদ্ধান্তের অপরাধ বদলে সম্পূর্ণ নতুন অপরাধ নির্ধারণ করার সুযোগ নেই।অর্থাৎ ভিএআর পারেদেসের কার্ডটি সঠিক খেলোয়াড়কে দেওয়া হয়েছিল কি না, তা যাচাই করতে পারলেও এমবোলোর বিরুদ্ধে নতুন অভিযোগ এনে হলুদ কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে না।ম্যাচের পর সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন ওই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, রেফারির ভুল সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।আইএফএবি জানিয়েছে, ভবিষ্যতে ভিএআরের মাধ্যমে অভিনয়ের ঘটনা শনাক্ত করার নিয়ম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। তবে বর্তমান নিয়ম অনুযায়ী এমন ঘটনায় ভিএআর হস্তক্ষেপ করতে পারে না। তবে এমবোলোর বহিষ্কারের সিদ্ধান্ত ভুল হলেও ম্যাচের ফল পরিবর্তন বা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানায়নি আইএফএবি।

আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া লাল কার্ড ভুল ছিল: আইএফএবি