সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

ঢাকাগামী পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, রোগীসহ অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

ঝালকাঠিতে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী আহত হয়েছেন।সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ।জানা গেছে, ঝালকাঠি সদর থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রোগীকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রায়পুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সটি খাদে ছিটকে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তার চাচা ফজলুল হক নিয়মিত চিকিৎসার জন্য ঝালকাঠি থেকে ঢাকার একটি হাসপাতালে যাতায়াত করেন। সোমবারও চেকআপের জন্য ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। এতে তার একটি পা ভেঙে গেছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।আহত ফজলুল হক ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা। নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকাগামী পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, রোগীসহ অ্যাম্বুলেন্স খাদে, আহত ১