তরুণদের নতুন সম্ভাবনার বার্তা চাকরি নয়, কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান মন্ত্রীর
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।মন্ত্রী বলেন, দেশের কৃষি খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তরুণরা কৃষিভিত্তিক ব্যবসা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।তিনি বলেন, কৃষি বিষয়ে পড়াশোনা করলেই শুধু সরকারি চাকরির দিকে ঝুঁকতে হবে—এমন নয়। কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প, ব্যবসা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।শিক্ষিত তরুণদের কর্মসংস্থান বর্তমানে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধু ডিগ্রি নয়, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতে রূপান্তরের ওপর গুরুত্ব দেন তিনি।দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভবিষ্যতে নবীন শিক্ষার্থীরা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষির উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
শেকৃবির উপাচার্য ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।