১৩ কোটি টাকা আত্মসাৎ মামলা: পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায় গ্রেপ্তার!
চলচ্চিত্র নির্মাণের নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরী–এর বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, তিনি প্রায় ১৩ কোটি টাকার বেশি অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে মামলা রয়েছে।গত ১৮ এপ্রিল রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকে চলচ্চিত্র প্রযোজনার কথা বলে ভুক্তভোগী মিজানুর রহমান ও তার এক বন্ধুর কাছ থেকে ধাপে ধাপে অর্থ গ্রহণ করেন দেবু প্রসাদ রায়। প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা নগদ, এরপর ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ টাকা নেওয়া হয়।পরবর্তীতে ২০২৪ সালে স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ ২০২৬ সালের মার্চেও বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করা হয়। সব মিলিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।ভুক্তভোগীর দাবি, টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন সময়ক্ষেপণ এবং পরবর্তীতে হুমকি প্রদান করা হয়। পূজা চেরীর সঙ্গে পরিচয়ের সম্পর্ককে কাজে লাগিয়েই বিশ্বাস অর্জন করে এই অর্থ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।ক্যান্টনমেন্ট থানার ওসি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে। ব্যাংক স্টেটমেন্ট ও মোবাইল লেনদেন যাচাই করা হচ্ছে।
এদিকে পূজা চেরী জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে বলে তিনি আশা করছেন।