রোববার, ২৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে এসএ পরিবহনে কোটি টাকার লেনদেনের অভিযোগ, ম্যানেজার গ্রেফতার

গোপালগঞ্জে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি শাখায় অভিযান চালিয়ে কোটি কোটি টাকার অবৈধ অর্থ লেনদেনের তথ্য পাওয়ার দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় প্রতিষ্ঠানটির গোপালগঞ্জ শাখার ম্যানেজার নূর মো. মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে।রোববার (২৩ আগস্ট) দুপুরে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, কক্সবাজার থেকে মাদক চোরাচালানের অর্থ লেনদেনের সঙ্গে এ কার্যালয়ের সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।জব্দ নথিতে বড় অঙ্কের লেনদেনের তথ্যগোয়েন্দা পুলিশের অভিযানে কার্যালয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান জানান, একটি নির্দিষ্ট চক্রের জন্য ওই শাখায় বিশেষ অর্ডার বই ব্যবহার করা হতো বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।জব্দ করা মেমো ও ভাউচারে ৩৬ লাখ, ৩০ লাখ ও ২৯ লাখ টাকার মতো বড় অঙ্কের লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।প্রাথমিকভাবে এসব লেনদেনের পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ।বাসায় রেখে টাকা লেনদেনের অভিযোগপুলিশের দাবি, ম্যানেজার নূর মো. মঞ্জু অফিসে না রেখে নিজ বাসায় এসব অর্থ লেনদেন করতেন। এছাড়া লেনদেনের প্রমাণ গোপন করতে সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।তবে আটক ম্যানেজার পুলিশের কাছে অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার দাবি, অফিসে বিপুল পরিমাণ টাকা রাখা নিরাপদ না হওয়ায় তিনি নিরাপত্তার কারণে বাসায় নিয়ে যেতেন। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জব্দ করা নথিপত্র বিশ্লেষণ করে এই অর্থ মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্ত করা হচ্ছে।

গোপালগঞ্জে এসএ পরিবহনে কোটি টাকার লেনদেনের অভিযোগ, ম্যানেজার গ্রেফতার