‘ক্রসমার্কেট’সহ অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন অনলাইন প্ল্যাটফর্ম ‘crossmarket.ai’-এর মাধ্যমে অবৈধভাবে বিনিয়োগ গ্রহণ ও আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগে সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।সম্প্রতি প্রকাশিত এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘crossmarket.ai’-এর মতো অননুমোদিত প্ল্যাটফর্মে অর্থ জমা বা যেকোনো ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অনুমোদনহীন কোনো প্ল্যাটফর্মে অর্থ জমা বা লেনদেন করা দণ্ডনীয় অপরাধ। ফলে এসব প্ল্যাটফর্মে লেনদেন করতে গিয়ে সাধারণ মানুষ অজান্তেই আইনগত অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন।নিজেদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে ‘crossmarket.ai’-সহ যেকোনো অবৈধ ও অননুমোদিত অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ বা আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।এর আগে বাংলাদেশ ব্যাংক মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন গ্রুপের মাধ্যমে পরিচালিত অনুমোদনহীন ঋণ কার্যক্রম থেকেও সতর্ক থাকার পরামর্শ দেয়।বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নজরে এসেছে, কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে ঋণ কার্যক্রম পরিচালনা করছে।এসব অ্যাপ ব্যবহারকারীদের মোবাইলে থাকা কন্টাক্টস, ছবি ও অন্যান্য সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। পরে ঋণের টাকা আদায়ের নামে গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি, ভয়ভীতি দেখানো, ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।এতে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মধ্যে পড়ছে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশে ঋণ প্রদান একটি নিয়ন্ত্রিত আর্থিক কার্যক্রম উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন এবং প্রচলিত আইন ও বিধিবিধান ছাড়া কোনো মোবাইল অ্যাপ বা ডিজিটাল মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা বৈধ নয়।বিএফআইইউর দৃষ্টিগোচর হওয়া অননুমোদিত ঋণ অ্যাপগুলোর মধ্যে রয়েছে সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়ানজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরো, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।
কেন্দ্রীয় ব্যাংক সাধারণ মানুষকে এসব অননুমোদিত প্ল্যাটফর্ম ও অ্যাপ ব্যবহারের আগে সতর্ক হওয়ার এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠান বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে।