রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

ভারতে আবার করোনার সংক্রমণ, ৮ আক্রান্ত, মৃত্যু ২

ভারতের অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কাদাপা জেলায় আবারও করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য বিভাগ নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে।রোববার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মৃতদের মধ্যে কাদাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন। জ্বর ও কাশির উপসর্গ নিয়ে করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।অপরদিকে, কাদাপার ৪৩ বছর বয়সী আরেক ব্যক্তি বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা শনাক্ত হয় এবং হাসপাতালের কোভিড-১৯ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।নতুন সংক্রমণের খবর পাওয়ার পর স্বাস্থ্য বিভাগ দ্রুত সাড়াদানকারী দল মোতায়েন করেছে। ইতোমধ্যে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে এবং বাকি নমুনার পরীক্ষার ফলাফলের অপেক্ষা চলছে।জেলা পরিষদের এক সভায় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্তমানে জেলায় ৮ জন সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন। আক্রান্তদের শরীরে কোন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এবং সংক্রমণের ধরন নির্ণয়ে নমুনাগুলো জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনের একটি বিশেষায়িত ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।অন্ধ্রপ্রদেশের জেলা ইন-চার্জ মন্ত্রী সবিতা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জেলা প্রশাসক সিএইচ শ্রীধর এবং জেলা চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা রবি বাবুর সঙ্গে আলোচনা করে আক্রান্ত এলাকাগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালসহ জনসমাগমস্থলে মাস্ক ব্যবহারে গুরুত্বারোপ করেন।এছাড়া জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা, প্রয়োজন হলে আইসোলেশনে নেওয়া, আক্রান্তদের পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা এবং আক্রান্ত এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।কাদাপার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পুরো অন্ধ্রপ্রদেশে কোভিড-১৯ সতর্কতা জারি করা হয়েছে। সব হাসপাতালকে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা এবং পর্যাপ্ত শয্যার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

ভারতে আবার করোনার সংক্রমণ, ৮ আক্রান্ত, মৃত্যু ২