বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

জাতীয় মঞ্চে গঙ্গাচড়ার গর্ব, দেশাত্মবোধক গানে প্রথম অনুশ্রী

রংপুরের গঙ্গাচড়া উপজেলার খুদে সঙ্গীতশিল্পী অনুশ্রী রায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। তার এই কৃতিত্বে উচ্ছ্বসিত পরিবার, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গন।মঙ্গলবার (২৩ জুন) অনুশ্রীর এ অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।এ সময় ইউএনও বলেন, অনুশ্রীর এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, পুরো গঙ্গাচড়ার গর্ব। ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।অনুশ্রী রায় গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের আগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে কৃতিত্ব দেখিয়ে সে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।গত ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে অনুশ্রী দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে। তার এ সাফল্য স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।পরিবার ও শিক্ষকদের ভাষ্য, ছোটবেলা থেকেই গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি অনুশ্রীর গভীর আগ্রহ ছিল। নিয়মিত অনুশীলন, প্রশিক্ষণ এবং পরিবারের সহযোগিতাই তাকে এই অর্জনের পথে এগিয়ে নিয়েছে।অনুশ্রীর মা মনিকা রায় বলেন, মেয়ের সাফল্যে পরিবার গর্বিত ও আনন্দিত। তিনি সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেন। সংগীত প্রশিক্ষক প্রিয়া দত্ত জানান, অনুশ্রী অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তার এই অর্জন দীর্ঘদিনের সাধনার ফল।অন্যদিকে, বাবা কমল কান্তি রায় বলেন, অনুশ্রীর স্বপ্ন ভবিষ্যতে আরও বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা। তিনি মেয়ের জন্য সবার আশীর্বাদ কামনা করেন। স্থানীয়দের মতে, অনুশ্রীর এই সাফল্য শুধু একটি পুরস্কার অর্জন নয়, বরং গঙ্গাচড়ার সাংস্কৃতিক সম্ভাবনার উজ্জ্বল প্রতিফলন। তার এই অর্জন নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় আরও উৎসাহিত করবে।

জাতীয় মঞ্চে গঙ্গাচড়ার গর্ব, দেশাত্মবোধক গানে প্রথম অনুশ্রী