রক্তাক্ত অবস্থায় রেললাইনে পড়ে ছিল বৃদ্ধ, তদন্তে পুলিশ–সিআইডি
নীলফামারীর সৈয়দপুর শহরের অদূরে সৈয়দপুর–নীলফামারী রেললাইন থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ওয়াপদা নতুন হাট নেহালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় রক্তাক্ত আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে, যা ট্রেন দুর্ঘটনার ফল হতে পারে। তবে কোন ট্রেনে বা কখন দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করা যায়নি।মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। তার মাথায় আঘাতের চিহ্ন থাকলেও শরীরে অন্য কোনো বড় ধরনের আঘাত পাওয়া যায়নি। তিনি সবুজ-খয়েরি চেক লুঙ্গি ও সুরমা রঙের শর্ট পাঞ্জাবি পরিহিত ছিলেন। তার সঙ্গে একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়, যেখানে কয়েকটি জামা-লুঙ্গি, কিছু খুচরা টাকা ও একটি চাদর ছিল।স্থানীয়দের ধারণা, তিনি হয়তো ভিক্ষুক বা বাক প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় রেললাইন ধরে চলাচল করতেন।ঘটনাস্থলে থাকা স্থানীয় হৃদয় জানান, সকালে রেললাইনের পাশে তাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায়। পরে ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।পরে রেলওয়ে থানা পুলিশ, পিবিআই এবং সিআইডি সদস্যরা পরিচয় শনাক্তের চেষ্টা করেন। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
রেলওয়ে থানার পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্ত না হলে অজ্ঞাত হিসেবে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হবে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।