যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট-নওয়াপাড়া রুটে বাইক ভাড়া ১০ টাকা থেকে ১৫ টাকা করার সিদ্ধান্ত ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনার অবসান হয়েছে। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের ১০ টাকা ভাড়াই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (১৯ জুলাই) বিকেল ৫টায় নওয়াপাড়া ইনস্টিটিউটের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অভয়নগর থানা বিএনপি, নওয়াপাড়া পৌর বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নওয়াপাড়া শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ, বাইক চালক এবং রাজঘাট-গাজীপুর এলাকার সাধারণ জনগণের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।স্থানীয়দের অভিযোগ, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাড়া ১৫ টাকা নির্ধারণ করে জনমনে অসন্তোষ সৃষ্টি করেছিল। পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাব্লু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা এবং অভয়নগর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি।আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, রাজঘাট-নওয়াপাড়া রুটে বাইক ভাড়া ১০ টাকাই বহাল থাকবে এবং ১৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করা হবে।এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, সাধারণ মানুষের স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের প্রতি তারা কৃতজ্ঞ।