বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৪ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনোহরপুর বিওপির একটি বিশেষ চৌকস দল এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৯ হাজার ৬০০ টাকা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।বিজিবি জানায়, চলতি জুলাই মাসজুড়ে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এ পর্যন্ত ১ জন আসামিকে আটকসহ মোট ২৭১ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪৬ বোতল মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩ হাজার ১০০ টাকা।চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।তিনি আরও বলেন, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে কঠোর নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ