হবিগঞ্জের লাখাইয়ে অমিয় মোহন দাশ (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অমিয় মোহন দাশ করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের সুধাংশু দাশের পঞ্চম ছেলে। তিনি বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তার মৃত্যুর খবর পাওয়া যায়।বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহতের বাবা ও স্বজনেরা জানান, অমিয় মোহন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগে চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন। স্থানীয়দের কাছ থেকে তার মাদকাসক্তির বিষয়েও তথ্য পাওয়া গেছে।লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।