কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, বাগভান্ডার বিজিবি ক্যাম্পসংলগ্ন বাজারের পেছনের একটি সুপারি বাগানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা সেখানে এসে জড়ো হয়ে জুয়া খেলত। পুলিশের দাবি, জুয়ার পাশাপাশি ওই এলাকায় মাদক সেবনের আসরও চলত।মাদক, চোরাচালান ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে অভিযান চালানো হয়।অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও তিনটি বাটন মোবাইল ফোনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় কয়েকজন জুয়াড়ি পরিত্যক্ত নর্দমাযুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. ময়নাল হক (৬৫), মো. মাসুম হোসেন (৪৪), মো. গাজীউর রহমান (৪৭) ও মো. নজরুল ইসলাম (৪১)। তাদের সবার বাড়ি ভূরুঙ্গামারী থানার বিভিন্ন এলাকায়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ও পলাতক জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, জুয়া ও মাদকের আসরগুলো অনেক সময় একসঙ্গে চলে। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।