রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ শুরু, উদ্বোধন হলো বৃক্ষমেলা

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং সামাজিক বন বিভাগের ফরিদপুর অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি রোপণ করা গাছের সঠিক পরিচর্যায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ পৌর পার্কে অবস্থিত বৃক্ষমেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।পরে সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলামসহ অন্যান্য অতিথির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়।

গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ শুরু, উদ্বোধন হলো বৃক্ষমেলা