পাবনার বেড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান পরিচালনা করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার নির্দেশনায় শনিবার (৩ অক্টোবর) এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খানের নেতৃত্বে অভিযানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, বেড়া পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান, ড্রেন ও ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা হয়।ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে মশকনিধন কার্যক্রমও জোরদার করা হয়। আলহেরা নগর ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশকনিধনকারী ওষুধ ছিটানো হয়।অভিযানের অংশ হিসেবে বেড়া সরকারি বিবি পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; নিজ নিজ অবস্থান থেকে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি।তিনি বলেন, পরিবার ও সমাজকে ডেঙ্গুমুক্ত রাখতে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সক্রিয় হতে হবে। বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন।