সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল সিরাপ উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ২৫৩ বোতল ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (২৩ আগস্ট) ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর আওতাধীন কাঁঠালডাংগী বিওপির সদস্যরা সীমান্তের গেরুয়াডাংগী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কাঁঠালডাংগী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় তল্লাশি চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়।বিজিবি আরও জানায়, উদ্ধার করা ফেন্সিডিল ও এস্কাফ সিরাপের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। জব্দ করা মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

ঠাকুরগাঁও সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল সিরাপ উদ্ধার