হবিগঞ্জে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার মালামাল জব্দ
সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে হবিগঞ্জে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে দুইজন আসামিসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের চোরাচালান পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গত ২ মে ২০২৬ তারিখে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। ভোর ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকটি জব্দ করা হয়।অপরদিকে, একই দিন ভোর ৭টার দিকে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপি একটি বিশেষ অভিযান পরিচালনা করে একই এলাকায় একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর লুকানো ভারতীয় জিরা, ৭৬৮ ক্যান Red Bull এনার্জি ড্রিংকস এবং গাড়িসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের মোঃ শাহেদ মিয়া (২৫), এবং একই জেলার দোয়ারা বাজার উপজেলার বরখাল গ্রামের মোঃ আশরাফুল (২০)। পরবর্তীতে তাদেরকে জব্দকৃত মালামাল ও গাড়িসহ মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।এছাড়া পৃথক আরেকটি অভিযানে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল খাশপাড়া এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় ৩টি গরু জব্দ করে।জব্দকৃত জিরা, গরু ও যানবাহন যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
৫৫ বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।