চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ বিভিন্ন সামাজিক অনাচার বন্ধে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। চরমোনাই পীর বলেন, দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দল ক্ষমতায় এলেও বিদ্যমান নীতির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তিনি অভিযোগ তোলেন।তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির প্রশ্নে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। তার বক্তব্য অনুযায়ী, দেশের মানুষের প্রত্যাশিত পরিবর্তনের জন্য নীতিগত পরিবর্তন প্রয়োজন।ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে চাঁদাবাজি ও ধোঁকাবাজির ধারা থাকবে না বলে তারা প্রত্যাশা করেছিলেন। তবে তাদের অভিযোগ, সেই পরিবর্তন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি জুলাই সনদ নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন।গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপন এজেন্ডা নেই। সংগঠনটি প্রকাশ্যেই তাদের রাজনৈতিক লক্ষ্য হিসেবে ইসলামী শরিয়াহ বাস্তবায়নের কথা বলে আসছে।ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শরিয়াহর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, তাদের সংগঠন নির্ধারিত ভিশন ও মিশন নিয়ে এগোচ্ছে। জনগণ তাদের নির্বাচিত করলে ঢাকা মহানগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।