রাজধানীতে মাদক-অস্ত্রবিরোধী অভিযানে সাইফুল আটক
রাজধানীর মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ একজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতের নাম মো. সাইফুল ইসলাম (৩০)।শনিবার (১৬ মে) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে মিরপুর থানাধীন সেকশন–২ এলাকার ডালিম গোস্ত বিতানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মিরপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সেকশন–২ এলাকার একটি স্থানে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। পরে মিরপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করে।এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনবিহীন পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও ও গুলশান থানায় পূর্বে তিনটি মামলা রয়েছে।তার বিরুদ্ধে মিরপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।