সিসিটিভি ফুটেজে চোরের কৌশল ধরা পড়েছে
লাখাইয়ে দিনেদুপুরে ফার্মেসি থেকে লক্ষাধিক টাকা চুরি

হবিগঞ্জের লাখাই উপজেলায় দিনেদুপুরে একটি ফার্মেসির ড্রয়ার থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুল্লাবাজার এলাকার এহসান ফার্মেসিতে।
স্থানীয় সূত্র ও ফার্মেসির সত্তাধিকারী সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এক অপরিচিত যুবক চিকিৎসা নিতে আসার কথা বলে এহসান ফার্মেসিতে প্রবেশ করে। সে সময় ফার্মেসিতে আরও দু-একজন রোগী উপস্থিত ছিলেন।
ফার্মেসির মালিক রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহে ব্যস্ত থাকাকালীন ওই যুবক সুকৌশলে ড্রয়ারে রক্ষিত লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। ব্যস্ততম সড়কে অবস্থিত ফার্মেসি হওয়া সত্ত্বেও চুরির সময় কেউ বিষয়টি টের পাননি।
পরবর্তীতে ড্রয়ার থেকে টাকা বের করতে গিয়ে চুরির বিষয়টি নজরে আসে। এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, চিকিৎসা নিতে আসা ওই অপরিচিত যুবক কীভাবে সুযোগ বুঝে ড্রয়ার থেকে টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে।
এ বিষয়ে এহসান ফার্মেসির সত্তাধিকারী রুহুল এহসান বলেন, “ওই যুবক চিকিৎসা নিতে এসে কিছুক্ষণ দোকানে বসে ছিল। আমি অন্য রোগীর সেবা দিতে ব্যস্ত থাকায় সে কখন চলে গেছে বুঝতে পারিনি। পরে ড্রয়ার থেকে টাকা আনতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারি।”
তিনি আরও জানান, ড্রয়ারে চাবি লাগানো থাকলেও তালা দেওয়া ছিল না। সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।


























