বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজন
নবাবগঞ্জ কলেজ মাঠে খালেদা জিয়াকে স্মরণে বিএনপির দোয়া

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের গণতন্ত্র, স্বাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ছিলেন এক আপোষহীন সংগ্রামী নেত্রী। তাঁর মৃত্যু গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তিনি যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তৌসি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




















