ত্রয়োদশ সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা কৃষক শ্রমিক জনতা লীগের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করলেও অন্তর্বর্তী সরকার এখনো সে ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি। বরং বিগত সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি আরও খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়। এখনো বহু মানুষ ও রাজনৈতিক পক্ষকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হচ্ছে, যার ফলে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব নয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাধারণ মানুষের মধ্যেও নির্বাচনকে ঘিরে তেমন কোনো আগ্রহ বা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। এ বাস্তবতায় তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ।
এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার বলেন, “আমরা আগেই বলেছিলাম, যদি নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায়, তাহলে আমরা নির্বাচনে অংশ নেব। কিন্তু বর্তমানে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরা মনে করছি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না।”
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে খোয়া যাওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি, প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।
শফিকুল ইসলাম দেলোয়ার বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরনের মাঠ ও প্রস্তুতি প্রয়োজন, সে পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। এসব কারণেই কৃষক শ্রমিক জনতা লীগ এই নির্বাচনের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।”

























