প্রতিদিন দেড় হাজার শিক্ষার্থীর চরম ভোগান্তি
জাবিপ্রবি শিক্ষার্থীদের ভোগান্তি, ড্রাইভার সংকটে বন্ধ বাস

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ড্রাইভার সংকটের কারণে দুইটি বাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন। প্রায় দেড় হাজার শিক্ষার্থী বর্তমানে যাতায়াতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর বাস সংকট নিরসন ও সেবার মানোন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ও আর্থিক সহযোগিতায় একটি নতুন বাস ক্রয় এবং ভাড়া বাস যোগ করা হয়। তবে নতুন বাসটি এখনও কার্যত চালু হয়নি।
পরিস্থিতি আরও জটিল হয় ১৪ জানুয়ারি থেকে একজন বাসচালক অনুপস্থিত থাকার কারণে। শিক্ষার্থীরা জানিয়েছেন, একসাথে একাধিক বাসের সিডিউল থাকায় অনেক সময় বাস পাওয়া যায় না, আর সঠিক ব্যবস্থাপনার অভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আকাশ বলেন,
“তিন মাস পার হয়ে গেলেও নতুন বাসে ওঠা সম্ভব হয়নি। একই সময়ে একাধিক বাস থাকায় ক্লাস শুরুর আগে বের হতে হয়, যা আমাদের সময় নষ্ট করছে।”
ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ইয়াছিনুল হাবিব বলেন,
“চালক সংকটের কারণে অনেক সময় পূর্বনোটিশ ছাড়াই বাস বন্ধ থাকে। প্রশাসনের ব্যর্থতার কারণে শিক্ষার্থীদের মোড়ে মোড়ে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।”
পরিবহন পুলের আহ্বায়ক প্রভাষক আতিকুর রহমান জানান,
“নতুন বাস চালু করার জন্য কমিটি দিনরাত কাজ করছে। চালক সংকট থাকায় নতুন বাস এখনো চালু করা সম্ভব হয়নি। আশা করছি আগামী সপ্তাহ থেকেই নতুন বাস এক-দুটি ট্রিপ চালাবে। নতুন চালক নিয়োগ প্রক্রিয়া চলছে, খুব শিগগিরই নতুন বাস পূর্ণভাবে চালু হবে।”
উল্লেখ্য, গত বছরের ১৩ অক্টোবর পরিবহন পুলে একটি নতুন বাস যুক্ত করা হয়। কিছুদিন চলাচলের পর চালক সংকটের কারণে তিন মাস ধরে বাসটি অচল অবস্থায় আছে।


























