চুনারুঘাটে সারের ডিলার ইসহাক আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজারের সারের ডিলার ইসহাক আলীর বিরুদ্ধে সার ও কীটনাশক বিক্রয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিদের অভিযোগ, ন্যায্যমূল্যে সার পাওয়া যায় না, বরং অতিরিক্ত দাম দাবি করা হয়।
কারিশাবস্তী, গুচ্ছগ্রাম, দ্বীপচর, গোলছড়ি, কোনাগাঁও, ছনখলা ও কাটোয়ামারা গ্রামের শতাধিক কৃষক এবং স্থানীয় মেম্বার বাবুল মিয়া এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারীরা জানান, ডিলারের ব্যবসা প্রতিষ্ঠান জারুলিয়া বাজারে হওয়ায় দূরবর্তী গ্রামের কৃষকরা ভোগান্তির শিকার হন। প্রতিবাদ করলে ইসহাক আলী ও তার ছেলে এখলাছ কৃষক ও জনপ্রতিনিধিদের সঙ্গে অশোভন আচরণ করেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার আলী জানান, অভিযোগের সত্যতা মিলেছে। গুদামে সার থাকা সত্ত্বেও কৃষকদের না দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
এদিকে, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ও সারের ডিলার সমিতির সভাপতি হাজী নিহাদ আলীও অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ইসহাক আলীকে বারবার সতর্ক করা হলেও কোনো পরিবর্তন আসেনি।
চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত ইসহাক আলী অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেন, কিছু কৃষক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যক্তিগত স্বার্থে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৃষকরা দ্রুত তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।










