ব্যাটারি চালিত অটোরিকশাসহ মাদক ব্যবসায়ী আটক
চুনারুঘাটে র্যাব-৯ এর অভিযানে ১৩ কেজি গাঁজা উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত অটোরিকশাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, আমুরোড বাজার থেকে চুনারুঘাট বাজারের দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে মাদকদ্রব্য গাঁজা পাচার করা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সদস্যরা চুনারুঘাট থানাধীন আহমেদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার থেকে চুনারুঘাট বাজারগামী গোছাপাড়া এলাকায় পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করেন।
চেকপোস্টে একটি কালো-সবুজ রঙের ব্যাটারি চালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক ও সঙ্গে থাকা ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় মো. সুমন মিয়া (১৯) নামের একজনকে আটক করা হয়। তবে অটোরিকশার চালক মো. রনি মিয়া (২২) কৌশলে পালিয়ে যায়।
আটককৃত সুমন মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে অটোরিকশার চালকের সিটের নিচ থেকে নীল পলিথিনে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের মো. ওসমান গণির ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ও পলাতক রনি মিয়া পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।




















