বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন সহযোগী অধ্যাপক ড. কাজী হুমায়ুন কবির ও কামরুল হাসান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহাবুবুর রহমান জানান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক পদের আবেদনপত্র যাচাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ তদন্ত কমিটি গঠন করা হয় এবং প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম প্রমাণিত হয়।
এর প্রেক্ষিতে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৩৪তম সভার ১৩ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ধারা অনুযায়ী শিক্ষক দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
























