নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা
কড়াইল বস্তি নিয়ে তারেক রহমানের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নাসীরুদ্দীনের

রাজধানীর কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন-এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তারেক রহমান কড়াইল বস্তিতে বড় বড় ভবন করে ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটি তিনি করতে পারেন না। এটি স্পষ্টভাবে নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন। অথচ নির্বাচন কমিশন এ বিষয়ে নিশ্চুপ।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “তারেক রহমানের ক্ষেত্রে এক নীতি, অন্যদের ক্ষেত্রে আরেক নীতি—এটা কি গ্রহণযোগ্য? তাহলে কি প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে?”
এ সময় তিনি বিএনপির ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতিরও সমালোচনা করেন।
বর্তমান নির্বাচন কমিশন নিয়েও প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “এই কমিশন হুদা-রাকিব কমিশনের পথেই হাঁটছে।”
তিনি আরও বলেন, “এখন অনেক মিডিয়া বিএনপির পক্ষে কাজ করছে। মিডিয়া দখল করা হয়েছে।”
প্রতীক বরাদ্দ প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, “দীর্ঘ লড়াইয়ের পর আমরা শাপলা কলি প্রতীক পেয়েছি। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে অনেক বৈষম্য করেছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
তিনি বলেন, “ওসমান হাদির বিচারপ্রক্রিয়া এখনো শেষ হয়নি। যারা বর্তমানে প্রশাসনে আছেন, তাদের বলব—এই বিচার নিশ্চিত করুন।”
তিনি আরও জানান, তার নির্বাচনী এজেন্ডার মধ্যে থাকবে-ওসমান হাদির বিচার, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে আন্দোলন।
এদিন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। তার পক্ষে একজন উপদেষ্টা প্রতীক গ্রহণ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে বুধবার প্রতীক বরাদ্দ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।























