হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০১
দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০১ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮০ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ২১ শিশু।প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম উপসর্গ নিয়ে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৭ হাজার ৮৮০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ শিশুর মধ্যে।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৪৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ শিশু।