পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিন্ন পাকা সড়কে বোরো ধানের খড় শুকানোকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তার বড় অংশজুড়ে খড় বিছিয়ে রাখায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।সরেজমিনে দেখা গেছে, স্থানীয় কৃষকরা ধান কাটার পর খড় শুকানোর জন্য গ্রামের প্রধান সড়ক ও আঞ্চলিক পাকা রাস্তা ব্যবহার করছেন। কোথাও রাস্তার একপাশ, আবার কোথাও প্রায় পুরো সড়কজুড়ে খড় ছড়িয়ে রাখা হয়েছে। অনেক স্থানে রাস্তাতেই গরু-মহিষ দিয়ে খড় মাড়াই এবং স্তূপ করে সংরক্ষণের কাজও চলছে।স্থানীয় মোটরসাইকেল, ইজিবাইক ও নসিমন চালকরা জানান, খড়ের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই যানবাহনের চাকা পিছলে যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খড় মাড়াইয়ের ফলে রাস্তায় পিচ্ছিল স্তর তৈরি হওয়ায় ব্রেক করলে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা বাড়ছে।এছাড়া চলন্ত গাড়ির চাকা বা ইঞ্জিনে খড় পেঁচিয়ে দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিচ্ছে। রাতের বেলায় এই ঝুঁকি আরও বেড়ে যায়, কারণ দূর থেকে রাস্তায় খড় পড়ে থাকার বিষয়টি বোঝা কঠিন হয়ে পড়ে।স্থানীয় সচেতন মহলের অভিযোগ, মাঠ বা বাড়ির আঙিনায় পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও অনেক কৃষক অলসতা ও অসচেতনতার কারণে পাকা রাস্তা ব্যবহার করছেন। এতে সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। তারা দ্রুত প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করে বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।