ধলডাঙ্গা-কালজানি ঘাটপাড় সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে জনসাধারণ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা থেকে কালজানি ঘাটপাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।বিশেষ করে শিলখুরী ২নং ইউনিয়ন পরিষদ সংলগ্ন অংশে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে কাদায় পরিণত হয়, ফলে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণ অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। প্রতিদিন এই সড়ক দিয়ে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না।কৃষকরাও উৎপাদিত ফসল বাজারে নিতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। স্থানীয় অটোরিকশা ও ভ্যানচালকরা জানান, বড় বড় গর্তের কারণে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।বিশেষ করে রাতের বেলায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ইতোমধ্যে কয়েকজন মোটরসাইকেল আরোহী ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারের কথা বলা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কাজ শুরু হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, জনদুর্ভোগ কমাতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে ধলডাঙ্গা থেকে কালজানি ঘাটপাড় সড়কের সংস্কার কাজ শুরু করা জরুরি। অন্যথায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।