সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

অপ্রতিমের মৃত্যু নিয়ে সাদিক কায়েমের স্ট্যাটাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। স্ট্যাটাসে সাদিক কায়েম অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনাকে উল্লেখ করে বলেন, এমন ঘটনায় যে কোনো বিবেকবান মানুষ বাকরুদ্ধ হয়ে পড়বেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তিনি দাবি করেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে একের পর এক হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা ঘটছে এবং নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিজের পোস্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকারও সমালোচনা করেন।সাদিক কায়েম আরও লিখেছেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা থেকেই ২০২৪ সালে আন্দোলন হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।এদিকে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তুহিন নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করতে কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে। সাদিক কায়েম বর্তমানে ডাকসুর সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।

অপ্রতিমের মৃত্যু নিয়ে সাদিক কায়েমের স্ট্যাটাস