মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮৬টি চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর।সোমবার (২০ জুলাই) উপজেলার ভোমরাদহ, খনগাঁও, কোষারাণীগঞ্জ ও সেনগাঁও ইউনিয়নের বিভিন্ন নদী, খাল ও জলাশয়ে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, সরকার বৈধ পদ্ধতিতে মাছ আহরণে কোনো বাধা দেয় না। তবে দেশীয় মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান, নদী-খাল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস