রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম

বাগেরহাটের রামপালে জরাজীর্ণ ঘরে ঝুঁকি নিয়ে বসবাস করছিলেন ১০১ বছর বয়সী সখিনা বেগম। জীবনের শেষ প্রান্তে এসে একটি নিরাপদ ঘরে থাকার স্বপ্ন দেখছিলেন তিনি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। ইরামন ফাউন্ডেশনের সহায়তায় নতুন পাকা ঘর পেয়েছেন এই শতবর্ষী বৃদ্ধা।স্থানীয় সূত্রে জানা যায়, রামপাল উপজেলার মানিকনগর পশ্চিম পাড়ার বাসিন্দা সখিনা বেগমের জরাজীর্ণ ঘরের ছবি ও খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি সমাজসেবক আকবর হায়দার মুন্নার নজরে এলে তিনি আশিক নামের এক স্বেচ্ছাসেবীকে ঘটনাটি যাচাইয়ের দায়িত্ব দেন।পরে সখিনা বেগমের নাতি ও স্থানীয় সাংবাদিক মেহেদী হাসানের সহযোগিতায় তার বসবাসের নাজুক পরিস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বৃদ্ধার দুরবস্থা দেখে দ্রুত পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় মানবসেবামূলক সংস্থা ইরামন ফাউন্ডেশন।ফাউন্ডেশনের পক্ষ থেকে আকবর হায়দার মুন্না সখিনা বেগমের নতুন ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যয় বহনের আশ্বাস দেন। পরে স্থানীয় সাংবাদিক মেহেদী হাসানের তত্ত্বাবধানে গত ৯ আগস্ট ঘর নির্মাণের কাজ শুরু হয়।প্রায় এক মাসের নির্মাণকাজ শেষে গত ৯ সেপ্টেম্বর সখিনা বেগমের হাতে তুলে দেওয়া হয় নতুন ও নিরাপদ ঘর। শুধু ঘর নির্মাণই নয়, বৃদ্ধার আবদার অনুযায়ী সেখানে একটি বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থাও করা হয়েছে।নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত সখিনা বেগম বলেন, শেষ বয়সে ভাঙা ঘরে ভিজে-শুকিয়ে দিন কাটাতে হতো। এখন নতুন ঘর পেয়ে শান্তিতে ঘুমাতে পারবেন। এ উদ্যোগের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা ও দোয়া জানান তিনি।উদ্যোক্তারা বলেন, মানুষের জন্য একটি ছোট উদ্যোগও কারও জীবনে বড় স্বস্তি এনে দিতে পারে। সখিনা বেগমের নতুন ঘর তারই একটি উদাহরণ। সমাজের বিত্তবানরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক মানুষের জীবনযাত্রার কষ্ট লাঘব করা সম্ভব।

১০১ বছর বয়সে স্বপ্নপূরণ, নতুন ঘর পেলেন সখিনা বেগম