দিনভর নাটকীয়তার পর দিনাজপুরে উদ্ধার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দিনভর জল্পনা-কল্পনার পর অবশেষে একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে শুরু হওয়া অভিযান রাত সাড়ে ১০টার দিকে শেষ হয়। পরে উদ্ধার হওয়া মূর্তিটি বোচাগঞ্জ থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইশানীয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর এলাকায় একটি পুকুরে মাছ ধরার সময় কষ্টি পাথরের মূর্তি পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। খবরটি এলাকায় দ্রুত চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ জাতীয় জরুরি সেবা-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) লিখন কুমার মন্ডল জানান, ৯৯৯ থেকে তথ্য পাওয়ার পর বিষয়টি থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান-কে অবহিত করা হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দিনভর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়।রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ মুরারীপুর গ্রামের মো. সাইদ চৌধুরীর ধানের জমির আইলের ওপর পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির ওজন প্রায় ১১ কেজি। এটি কষ্টি পাথরের তৈরি এবং এর আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বর্তমানে মূর্তিটি থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ১৩৩৯।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, মূর্তিটির প্রকৃত ইতিহাস ও উৎস অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।