মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে ১০ লিটার দুধে গোসল, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক দুই যুবক

বিশ্বকাপ ফাইনালের মাত্র এক দিন আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক দুই যুবক আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়ে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে নতুন সমর্থনের উদযাপন করেছেন।শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।জানা গেছে, ওই দুই যুবক হলেন রাতইল ইউনিয়নের বাসিন্দা হাসিব মুন্সি ও ওহিদুল শেখ। তারা দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির ধারাবাহিক নৈপুণ্য, নেতৃত্ব ও মাঠের পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে তারা আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নেন।হাসিব মুন্সি ও ওহিদুল শেখ জানান, মেসির অসাধারণ নেতৃত্ব ও পারফরম্যান্স তাদের মুগ্ধ করেছে। সেই অনুপ্রেরণায় তারা ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনাকে সমর্থনের সিদ্ধান্ত নেন। নতুন এই সিদ্ধান্তকে স্মরণীয় করে রাখতেই ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন।তাদের এই ব্যতিক্রমী আয়োজন দেখতে স্থানীয় শতাধিক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে এলাকাজুড়ে আলোচনার সৃষ্টি করে।স্থানীয়দের মতে, বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার মধ্যেই এমন অভিনব আয়োজন এলাকায় কৌতূহল ও আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে।

গোপালগঞ্জে ১০ লিটার দুধে গোসল, ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক দুই যুবক