বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে মাদক-সন্ত্রাসবিরোধী কর্মসূচিতে বিএনপির শক্ত অবস্থান

মাদক, সন্ত্রাস এবং সাম্প্রতিক নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিবাদ জানাতে গোপালগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সদর উপজেলা বিএনপি। কর্মসূচিতে দলটির নেতারা সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।বুধবার (২৪ জুন) সকালে শহরের পাঁচুড়িয়া এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন।সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, বিএনপি নেতা জিয়াউল কবির বিপ্লব, অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান দারা এবং জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাস সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতারা মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসম্পৃক্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

গোপালগঞ্জে মাদক-সন্ত্রাসবিরোধী কর্মসূচিতে বিএনপির শক্ত অবস্থান