রোববার, ০৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের মধ্যে প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা বাড়ানো হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ব্যবস্থাপনা ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় লঞ্চ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনা করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।তিনি আরও বলেন, ভাড়া বাড়ানো কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় করতে হয়েছে। জনদুর্ভোগ বিবেচনায় রেখেই সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে।অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর জানান, প্রথম ১০০ কিলোমিটারের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৮ পয়সা হয়েছে।আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে।তিনি বলেন, লঞ্চ মালিকদের প্রস্তাব আরও বেশি ছিল। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন ভাড়া মেনে নেওয়া হয়েছে।এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়।বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরের মিনিবাস এবং ডিটিসিএর আওতাধীন জেলাগুলোতে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬০ পয়সা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ল