মাধবপুরে বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।অন্যদিকে একই পানির কারণে ভেসে উঠেছে আশপাশের শত শত পুকুরের মাছ। ফলে এলাকায় শুরু হয়েছে অস্বাভাবিক এক “মাছ ধরার উৎসব”। বাড়ির উঠোন, সড়ক ও মাঠে জাল ফেললেই ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ।স্থানীয়রা জানান, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হঠাৎ করে পানি বৃদ্ধি পায়। এতে অনেক স্থানে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মাছ ভেসে যায়।সরেজমিনে ঢাকা সিলেট মহাসড়কের সংলগ্ন এলাকায় দেখা যায়, শিশু-কিশোররা জাল দিয়ে মাছ ধরায় ব্যস্ত। তাদের জালে শৈল, তেলাপিয়া ও অন্যান্য ছোট মাছ ধরা পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, কিছু এলাকায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় পানি আটকে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে একই সঙ্গে এই জলাবদ্ধতাকে কেন্দ্র করে মাছ ধরার দৃশ্যও এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।