শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

ফ্লাইওভার প্রকল্পে রাজশাহীতে গাছ নিধন, পরিবেশবিদদের ক্ষোভ

রাজশাহী নগরীতে সড়ক সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ৩০টি কাঠবাদাম গাছ কেটে ফেলা হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।নগরের রাজীব চত্বর থেকে কলাবাগান হয়ে ঘোষপাড়া মোড় পর্যন্ত সড়কের এক পাশজুড়ে থাকা এসব গাছ কাটা শুরু হয় বৃহস্পতিবার এবং রোববার শেষ তিনটি গাছ কাটার মাধ্যমে কাজটি সম্পন্ন হয়।জানা যায়, ২০১০ সালের দিকে রাজশাহী সিটি করপোরেশন নগরীর সৌন্দর্যবর্ধনের জন্য প্রায় ৭০টি কাঠবাদাম গাছ রোপণ করেছিল। দীর্ঘ ১৬ বছরে গাছগুলো বড় হয়ে এলাকাজুড়ে ছায়া ও পরিবেশগত স্বস্তি এনে দেয়।তবে ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণের পর সড়কের প্রস্থ কমে যাওয়ায় রাস্তা সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়। এ কারণে গাছগুলো অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।সরেজমিনে দেখা যায়, অধিকাংশ গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে এবং কাটা গাছের গুঁড়ি সড়কের পাশে পড়ে আছে। শ্রমিকরা করাত দিয়ে গাছ কাটার কাজ সম্পন্ন করেন।স্থানীয় বাসিন্দা তুহিন আলী বলেন, এ এলাকায় যানবাহনের চাপ তুলনামূলক কম। অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা ঠিক হয়নি।গাছ কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের সরদার মো. গাজী জানান, সিটি করপোরেশনের নিলামের মাধ্যমে এক ব্যবসায়ী গাছগুলো ক্রয় করে কাটার কাজ পরিচালনা করছেন।এ বিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, বন বিভাগের প্রাক্কলন অনুযায়ী নিয়ম মেনে গাছগুলো অপসারণ করা হয়েছে। ফ্লাইওভার নির্মাণের কারণে সড়কের প্রস্থ কমে যাওয়ায় তা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও জানান, বর্তমানে সড়কের প্রস্থ সাড়ে তিন মিটারের কম হওয়ায় রাস্তা সম্প্রসারণ ও ড্রেনের ওপর ফুটপাত নির্মাণের কাজ চলছে। পরবর্তীতে সেখানে নতুন গাছ রোপণ করা হবে। তবে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন পরিবেশবাদীরা। বরেন্দ্র ইয়ুথ ফোরাম-এর সভাপতি আতিকুর রহমান বলেন, নতুন গাছ লাগানোর আশ্বাস দিয়ে পুরোনো গাছ কাটা টেকসই সমাধান নয়। গাছ রেখেও উন্নয়ন সম্ভব এই ধারণা এখনো বাস্তবায়ন হচ্ছে না।

ফ্লাইওভার প্রকল্পে রাজশাহীতে গাছ নিধন, পরিবেশবিদদের ক্ষোভ