শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

শনিবার উদ্বোধন নতুন কুঁড়ি স্পোর্টস

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়াম-এ। সেখান থেকে তিনি ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলা স্টেডিয়ামে যুক্ত হয়ে হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে এই মেগা আয়োজনের সূচনা করবেন।আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র ধারাবাহিকতায় এই আয়োজনকে ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের রাষ্ট্রীয়ভাবে বিকাশের সুযোগ করে দেওয়াই এর মূল লক্ষ্য।এই প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট—মোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে ১২ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছে ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন কিশোর-কিশোরী, যা এ আয়োজনের প্রতি ব্যাপক আগ্রহের প্রমাণ।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা ও আঞ্চলিক ধাপ পেরিয়ে সেরা প্রতিভারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাবে। পুরো দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে সুসংগঠিত কাঠামোর মাধ্যমে প্রতিযোগিতা পরিচালনা করা হবে।ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনে নকআউট পদ্ধতি, দাবায় সুইস লিগ এবং অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টে প্রাথমিক বাছাই ও ফাইনালের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের জন্য ভাতা, জার্সি ও সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির সুযোগ রাখা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, প্রতিভা বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে এবং খেলোয়াড়দের নিরাপত্তায় সার্বক্ষণিক মেডিকেল টিম নিয়োজিত থাকবে।

শনিবার উদ্বোধন নতুন কুঁড়ি স্পোর্টস