জুলাই জাগরণ কর্মসূচিতে নাহিদ ইসলাম: বিচার ও সংস্কারই এখন প্রধান দাবি
দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও দেশের মানুষ এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ পায়নি।বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।জিয়ারত শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিচার ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল। কিন্তু সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি।তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন এখন সময়ের দাবি। শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই উদযাপন না করে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকারকে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষের উচিত আপিল করে আরও কঠোর শাস্তির আবেদন করা।তিনি আরও দাবি করেন, শেখ হাসিনাসহ জুলাই গণহত্যা এবং ওসমান-হাদী হত্যাকাণ্ডের অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং ঘোষিত রায় কার্যকর করতে হবে।জুলাই জাতীয় জাদুঘর প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘর খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই জাদুঘর খুলে সেখানে প্রবেশ করবে।বক্তব্যের এক পর্যায়ে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ, আহত যোদ্ধা, ছাত্র-জনতা, শ্রমিক, নারী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আলেম, প্রবাসী এবং বিভিন্ন পেশাজীবীর অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ, জাতীয় যুবশক্তির নেতারা এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।