জামালপুরে মাদকবিরোধী অভিযানে ২ জন আটক
জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।রবিবার (৩ মে ২০২৬) জেলা কার্যালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।জামালপুর সদর থানার গোলাপবাগ, ইকবালপুর ও বসাকপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা সেবনের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে কারাগারে পাঠানো হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।