সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট বিভাগে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশনার অংশ হিসেবে তাঁকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম।ফেসবুক পোস্ট ঘিরে আলোচনাএর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে আরিফুর রহমানের ফেসবুক আইডিতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদককে দায়ী করে একটি পোস্ট এবং প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে আরেকটি পোস্ট দেখা যায়। পোস্ট দুটি ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়।বিষয়টি জানার পর ইউএনও শিল্পী রানী মোদক, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আরিফুর রহমানের সরকারি বাসভবনে যান।সেখানে তাঁর আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আব্দুল বাতেনকে ডাকা হয়। পরে চিকিৎসক তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেন। স্ত্রী জানান, এর আগেও তাঁর স্বামীর এমন সমস্যা হয়েছিল, তবে এবার আচরণে অস্বাভাবিকতা বেশি ছিল।সিলেট থেকে ঢাকায় নেওয়া হয় তাঁকেচিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরিফুর রহমানকে সিলেটে পাঠানোর ব্যবস্থা করা হয়। জামালগঞ্জে প্রয়োজনীয় চিকিৎসাসুবিধার সীমাবদ্ধতার কারণে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যান।জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. আব্দুল বাতেন জানান, খবর পেয়ে তিনি আরিফুর রহমানের বাসভবনে যান। তাঁর আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হয়েছিল। তবে নিশ্চিত রোগনির্ণয়ের তথ্য পাওয়া যায়নি।জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলীও জানান, তাঁরা বাসভবনে গিয়ে আরিফুর রহমানের আচরণ অস্বাভাবিক মনে করেন। তাঁর স্ত্রীর কাছ থেকে আগেও এমন ঘটনা ঘটেছিল বলে জানতে পারেন।যা বললেন ইউএনওইউএনও শিল্পী রানী মোদক জানান, আরিফুর রহমানের ফেসবুক আইডি থেকে তাঁকে দায়ী করে পোস্ট দেওয়ার কারণ তিনি বুঝতে পারছেন না। পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগেও আরিফুর রহমান তাঁর স্ত্রীকে নিয়ে ইউএনওর বাসায় এসেছিলেন। তাঁদের মধ্যে কোনো অশোভন কথাবার্তা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।বিষয়টি নিয়ে বিব্রত উল্লেখ করে ইউএনও আরিফুর রহমানের সুস্থতা কামনা করেন।দুই মাস আগে জামালগঞ্জে যোগদানমো. আরিফুর রহমান প্রায় দুই মাস আগে জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সরকারি কোয়ার্টারে বসবাস করছিলেন।ফেসবুক পোস্ট ও তাঁর অসুস্থতার বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানা গেছে।এদিকে, ২৫ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে তাঁকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে এ প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে ফেসবুক পোস্ট বা অসুস্থতার ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।