জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গুরুতর আহত হয়েছেন গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফ্রিদি সালমান রানা। ম্যাচ চলাকালে ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে বর্তমানে হাঁটাচলায় সমস্যায় ভুগছেন তিনি।গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গণিত বিভাগ ও সোশ্যাল ওয়ার্ক বিভাগের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচের প্রথমার্ধ শেষে প্রতিপক্ষের কাছ থেকে বল কাটিয়ে নেওয়ার সময় আফ্রিদির ডান পায়ে আঘাত লাগে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে এম.আর.আই পরীক্ষায় তার ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।বর্তমানে আহত আফ্রিদির হাঁটতে কষ্ট হচ্ছে এবং ডান পায়ে স্বাভাবিকভাবে ভর দিতে পারছেন না। তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। চিকিৎসার সম্ভাব্য ব্যয় নিয়ে উদ্বেগের মধ্যে আফ্রিদির বড় ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করে তার চিকিৎসার সার্বিক ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা কামনা করেছেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আমির হোসেন আশ্বস্ত করে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে। তিনি বলেন, " খেলতে গিয়ে এমন চোট পাওয়া আসলেই দুঃখজনক বিষয়। আমরা তাকে সুস্থ করার জন্য যতটা সাহায্য করা দরকার তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।" এদিকে আফ্রিদির চিকিৎসায় গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকেও সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। সোশ্যাল ওয়ার্ক বিভাগের বিপক্ষে ফাইনাল ম্যাচে জয় পাওয়ার পর গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল, টিম ম্যানেজার আবুল হায়াত সজিবসহ আরও দুই শিক্ষক শিক্ষার্থীদের জন্য জোড়া খাসি কেনার জন্য অর্থ প্রদান করেছিলেন। পরবর্তীতে আফ্রিদির বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেই অর্থও তার চিকিৎসার জন্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল বলেন, " আমরা তার সর্বোচ্চ সুস্থতা কামনা করি। তার জন্য আমরা যতটুকু করা দরকার করার চেষ্টা করব "আফ্রিদির চিকিৎসার বিষয়ে তার বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো: জাহিদুল ইসলাম হামিম বলেন, " আমরা এমন একজন খেলোয়াড়কে হারাতে চাইনা। আমরা আমাদের পক্ষ থেকে যতটা সাহায্য সহযোগিতা করা যায় করে যাব" বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটি ম্যাচে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আফ্রিদি। তার দ্রুত সুস্থতা কামনা করছেন গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা। উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে আফ্রিদি আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন; এমন প্রত্যাশা তার পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের।